ভারতের কাছে হারতেই জামাই শাহিনের ওপর চটলেন শ্বশুর আফ্রিদি, বাবর-শাদাবকেও দল থেকে বাদ দেওয়ার দাবি

কলম্বোয় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের শোচনীয় হারের পর নিজের জামাই শাহিন শাহ আফ্রিদির ওপর তীব্র ক্ষোভ উগরে দিলেন কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি। ভারতের দেওয়া ১৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায়। এই হাই-ভোল্টেজ ম্যাচে শাহিন আফ্রিদি মাত্র ২ ওভার বল করে ৩১ রান খরচ করায় শ্বশুরমশাইয়ের রোষের মুখে পড়েছেন তিনি।
ম্যাচ শেষে নিজের হতাশা ব্যক্ত করে শাহিদ আফ্রিদি সাফ জানিয়ে দিয়েছেন যে, তাঁর হাতে ক্ষমতা থাকলে তিনি শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম এবং শাদাব খানকে দল থেকে ছেঁটে ফেলতেন। অভিজ্ঞ এই ক্রিকেটারের মতে, বছরের পর বছর ধরে খেলেও এই সিনিয়রেরা ভারতের বিরুদ্ধে দায়িত্ব নিয়ে পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন। নামিবিয়ার বিরুদ্ধে পরের ম্যাচেই এই তিনজনকে বসিয়ে দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি।
আফ্রিদি আরও যোগ করেন যে, দলের সিনিয়র সদস্য হওয়া সত্ত্বেও এই ক্রিকেটাররা এখনও জানেন না কোন পরিস্থিতিতে ঠিক কীভাবে খেলতে হয়। এতদিন দলের হয়ে খেলার পর তাঁদের কাছ থেকে যে পরিণত মানসিকতা আশা করা হয়েছিল, তা মাঠের পারফরম্যান্সে প্রতিফলিত হচ্ছে না। বারবার ব্যর্থ হওয়ার পর তাঁদের প্রথম একাদশে থাকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন পাকিস্তানের এই প্রাক্তন অধিনায়ক।
উল্লেখ্য, অতীতে একাধিকবার শাহিন আফ্রিদির পাশে দাঁড়ালেও রবিবার ভারতের কাছে ৬১ রানে পরাজিত হওয়ার পর আর জামাইয়ের হয়ে সাফাই গাইতে রাজি নন শাহিদ আফ্রিদি। তাঁর মন্তব্যে স্পষ্ট যে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে এই হার তিনি সহজভাবে নিতে পারেননি এবং দলের খোলনলচে বদলে ফেলার জন্য তিনি এখন মরিয়া। এই জয়ের ফলে ভারত সুপার এইট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে।