ভোটার তালিকা থেকে সপার নাম বাদ দেওয়ার নেপথ্যে বড় চক্রান্ত? বিস্ফোরক অভিযোগ অখিলেশের
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই এবার গর্জে উঠলেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এসআইআর (SIR) প্রক্রিয়ার আড়ালে কি বেছে বেছে বিরোধী শিবিরের ভোটারদের ছেঁটে ফেলা হচ্ছে? সোমবার এমনই চাঞ্চল্যকর প্রশ্ন তুলে শোরগোল ফেলে দিয়েছেন মুলায়ম-পুত্র।
অখিলেশের সরাসরি অভিযোগ, গেরুয়া শিবিরের নির্দেশেই এই গোটা প্রক্রিয়া চলছে এবং এর মূল লক্ষ্য হলো অ-বিজেপি ভোটারদের কণ্ঠরোধ করা। বিশেষ করে সংখ্যালঘু, দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণির মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রমাণ হিসেবে সাকালদিহা ও বাবাগঞ্জ বিধানসভার একাধিক তথ্য তুলে ধরেন সপা প্রধান, যেখানে জাল সইয়ের অজুহাতে শয়ে শয়ে ভোটারকে তালিকাচ্যুত করা হয়েছে।
এই অন্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ দাবি করেছেন অখিলেশ। তাঁর প্রশ্ন, তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন এখনও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি? মঙ্গলবার এই বিষয়ে কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তাঁর দলের। পাশাপাশি, এই ইস্যুটিকে উত্তরপ্রদেশের বিধানসভাতেও বড় আকারে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অখিলেশ যাদবের দাবি, ফর্ম-৭ এর মাধ্যমে নাম বাদ দেওয়ার ক্ষমতা শুধুমাত্র বুথ লেভেল অফিসার বা বিএলও-দের হাতেই থাকা উচিত। ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে বুথভিত্তিক সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন এই হেভিওয়েট নেতা। এখন দেখার, নির্বাচন কমিশন অখিলেশের এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়।