ইডেনে অনন্য নজির: ইতালীয় ক্রিকেটারের পরিবারের কণ্ঠে প্রতিপক্ষ ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত

কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এক বিরল ও আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। ইতালির মিডল অর্ডার ব্যাটার মার্কাস কাম্পোপিয়ানোর পরিবারের ১১ জন সদস্য গ্যালারিতে উপস্থিত থেকে শুধুমাত্র নিজেদের দেশের নয়, বরং প্রতিপক্ষ ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতেও সমস্বরে গলা মেলালেন। ইতালির জার্সি গায়ে চাপিয়ে ইংরেজ ব্যাটারদের চার-ছক্কায় তাঁদের এই উচ্ছ্বাস গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যপক কৌতূহল সৃষ্টি করে।
পেশায় সারে কাউন্টি ক্লাবের কোচ এবং সাসেক্সের ক্রিকেটার মার্কাসের এই পরিবারটি মূলত ইতালীয় হলেও তিন পুরুষ ধরে ইংল্যান্ডের বাসিন্দা। মার্কাসের বাবা জিয়ান্নি জানান, তাঁদের পরিবারে ক্রিকেটের ঐতিহ্য দীর্ঘদিনের; তাঁর বাবাও একসময় সাসেক্সের হয়ে খেলেছেন। জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হওয়ায় দুই দেশের প্রতিই তাঁদের সমান টান। সে কারণেই মাঠে ফিল সল্টদের দাপট বা ইতালির উইকেট প্রাপ্তি— সব কিছুকেই সমানভাবে উদযাপন করছেন বেথ, ইজি ও বেলিন্ডারা।
ফুটবলের দেশ ইতালির নাগরিক হয়েও কাম্পোপিয়ানো পরিবার বর্তমানে ক্রিকেট নিয়েই মত্ত। মুম্বইয়ের তুলনায় কলকাতার আবহাওয়া ও আতিথেয়তায় মুগ্ধ এই পরিবারটি ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি দেখে অভিভূত। মার্কাসের স্ত্রী বেথ জানান, ইতালির আগের ম্যাচগুলোতে স্বামীর ব্যাটিং দেখার সুযোগ না হওয়ায় ইডেনের ঐতিহাসিক ঘাসেই মার্কাসের ব্যাটে রানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনা নিয়েও যথেষ্ট আগ্রহী এই ইতালীয় পরিবারটি আক্ষরিক অর্থেই ক্রিকেটের বিশ্বজনীন আবেগকে তুলে ধরল।