‘আমি গান্ধীবাদী, রাহুলবাদী নই’; কেরলের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ফের বিতর্কে মণিশঙ্কর আইয়ার

কেরলের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ভূয়সী প্রশংসা করে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার। একটি আন্তর্জাতিক সেমিনারে বিজয়নের প্রশাসনিক শৃঙ্খলার প্রশংসা করার পাশাপাশি তিনি ভবিষ্যদ্বাণী করেন যে, কেরলে পুনরায় বিজয়ন সরকারই ক্ষমতায় আসবে। বর্ষীয়ান এই নেতার এমন মন্তব্য নির্বাচনী আবহে কংগ্রেস শিবিরকে চরম অস্বস্তিতে ফেলেছে। দলের পক্ষ থেকে তড়িঘড়ি পবন খেরা ও জয়রাম রমেশরা মণিশঙ্করের এই বক্তব্যকে ‘ব্যক্তিগত’ বলে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন।
কংগ্রেস নেতৃত্বের এই দূরত্ব তৈরির প্রতিক্রিয়ায় পাল্টা সরব হয়েছেন মণিশঙ্কর আইয়ার। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, “আমি গান্ধীবাদী, নেহরুবাদী ও রাজীববাদী, কিন্তু কখনোই রাহুলবাদী নই।” দলের প্রতি অনুগত থাকলেও বর্তমান নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। বিশেষ করে এআইসিসি-র মুখপাত্র পবন খেরা এবং সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালকে তীব্র আক্রমণ করে তিনি তাঁদের যোগ্যতাহীন বলে অভিহিত করেন। পবন খেরাকে জয়রাম রমেশের ‘হাতের পুতুল’ ও ‘তোতাপাখি’ বলেও কটাক্ষ করেন তিনি।
উল্লেখ্য, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মণিশঙ্করের সংঘাত এই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়েছিল, যদিও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে দলের সঙ্গে সম্পর্ক তিক্ত হলেও তিনি দল ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে হাইকম্যান্ডের ঘনিষ্ঠ নেতাদের প্রতি তাঁর এই প্রকাশ্য অবজ্ঞা ও বিজয়নের প্রতি মুগ্ধতা কেরলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।