রাজ্যসভার দুই আসনে ছয় সাংসদ, তৃণমূলের প্রার্থী তালিকায় কি এবার চমক?

রাজ্যসভার দুই আসনে ছয় সাংসদ, তৃণমূলের প্রার্থী তালিকায় কি এবার চমক?

পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল রাজ্যসভার দুটি আসন। গত ছয় বছরে এই দুটি নির্দিষ্ট আসন থেকে পর্যায়ক্রমে ছয়জন সাংসদকে সংসদে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী এপ্রিলে রাজ্যের পাঁচটি আসন শূন্য হতে চলেছে, যার মধ্যে এই দুটি আসন ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অতীতে ইস্তফা বা অন্য কারণে মধ্যবর্তী সময়ে সাংসদ বদলের উদাহরণ থাকলেও, একই মেয়াদে তিনবার করে মুখ বদলের এমন ঘটনা সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে বিরল।

একটি আসনে দীনেশ ত্রিবেদীর ইস্তফার পর জহর সরকার এবং পরবর্তীতে আরজি কর কাণ্ডের জেরে জহরের ইস্তফায় বর্তমানে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অর্পিতা ঘোষের জায়গায় লুইজিনহো ফেলেইরো এবং তাঁর ইস্তফার পর বর্তমানে ওই আসনে রয়েছেন সাকেত গোখলে। সাকেতকে নিয়ে একাধিক আইনি বিতর্ক থাকলেও দলের একাংশ তাঁকে পুনরায় পাঠানোর পক্ষে সওয়াল করছেন। অন্যদিকে, ঋতব্রত সংসদীয় কাজে দক্ষতার পরিচয় দিলেও তাঁকে রাজ্য রাজনীতিতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে দলের অন্দরে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই আসনে পুনরায় পুরনোদের সুযোগ দেবেন নাকি নতুন কোনো মুখকে সামনে আনবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে বারবার মুখ বদলের ধারা বজায় রেখে দল এবার স্থায়িত্বের দিকে নজর দেবে কি না, সেটাই এখন দেখার বিষয়। কালীঘাট ও ক্যামাক স্ট্রিটের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *