কসবায় চলন্ত গাড়িতে যুবতীর শ্লীলতাহানি, চিহ্নিত দুই যুবকসহ পাঁচজনের বিরুদ্ধে FIR

দক্ষিণ কলকাতার কসবা এলাকায় এক যুবতীকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানি করার গুরুতর অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে নিউ বালিগঞ্জ রোড সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার কসবা থানায় পাঁচজনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত ১১টা নাগাদ ওই যুবতী মাসির বাড়ি থেকে ফিরছিলেন। জাহাজ বাড়ি এলাকায় ক্যাব থেকে নামার পর আকাশ সিং ও আরিয়ান সিং নামে দুই স্থানীয় যুবক তাঁকে কথা বলার অছিলায় ডাকে। এরপরই তাঁকে জোরপূর্বক একটি কালো রঙের চারচাকা গাড়িতে তুলে নেওয়া হয়। যুবতীর দাবি, চলন্ত গাড়ির ভেতরেই তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে শারীরিক নিগ্রহ ও শ্লীলতাহানি করা হয়। পরবর্তীতে তাঁকে আনন্দপুর এলাকায় নামিয়ে দিয়ে ফোনটি ফেরত দেয় অভিযুক্তরা।
নির্যাতিতা যুবতী আকাশ ও আরিয়ানসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। প্রাথমিক ধাক্কা সামলে তিনি এক বন্ধুকে ফোন করে বিষয়টি জানান এবং শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, ঘটনার গুরুত্ব বিচার করে আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনার জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে খবর পাওয়া গিয়েছে।
বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ফেরার অভিযুক্তদের গ্রেফতারে সক্রিয় হয়েছে। মহানগরের বুকে রাতের এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে পুনরায় প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।