হৃষীকেশে জনঅভিযোগ শিবিরে জোড়া ষাঁড়ের তাণ্ডব, প্রাণভয়ে পালালেন সরকারি কর্মীরা

উত্তরাখণ্ডের হৃষীকেশে আয়োজিত একটি সরকারি জনঅভিযোগ শিবিরে আচমকাই ঢুকে পড়ল দুটি ষাঁড়। গবাদি পশুর উপদ্রব নিয়ে যখন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে নালিশ জানাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে। সমাজমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে হাসাহাসি।
জানা গিয়েছে, হৃষীকেশের রামলীলা মাঠে ‘জন জন কি সরকার, জন জন কি দ্বার’ শীর্ষক একটি শিবিরের আয়োজন করেছিল স্থানীয় প্রশাসন। সেখানে এলাকার রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এবং বিশেষ করে বেওয়ারিশ গবাদি পশুর অবাধ বিচরণ নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি ছিল, সেতু ও রাস্তায় গবাদি পশুর জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।
অভিযোগ চলাকালীন আচমকাই জোড়া ষাঁড় প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করে। ক্ষিপ্ত পশু দুটিকে নিজেদের দিকে তেড়ে আসতে দেখে উপস্থিত সরকারি কর্মচারীরা প্রাণভয়ে শিবিরের টেবিল-চেয়ার ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। দীর্ঘক্ষণ হুলুস্থুল চলার পর লাঠির আঘাতে ষাঁড় দুটিকে তাড়ানো সম্ভব হয়। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা কটাক্ষ করে বলছেন, সম্ভবত নিজেদের বিরুদ্ধে অভিযোগ শুনেই সশরীরে প্রতিবাদ জানাতে হাজির হয়েছিল ষাঁড় দুটি। এই ঘটনা প্রশাসনের গাফিলতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার চিত্রটিকেই ফের জনসমক্ষে নিয়ে এল। অবলা পশুর এমন ‘অনুপ্রবেশ’ এবং সরকারি কর্মীদের পলায়নের দৃশ্যটি এখন সংবাদ শিরোনামে।
Rishikesh: Bulls Chase Staff During Public Hearing | Viral Video Sparks Outrage#Rishikesh #ViralVideo #JanSunwai #UttarakhandNews #BreakingNews #StrayCattle #BullsAttack #PublicHearing #IndiaNews #LocalNews #CivicSafety #RishikeshNews #Trending #Viral #NewsUpdate pic.twitter.com/MbKM6cUiHZ
— TheHawk (@thehawk) February 14, 2026