মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন তারেক রহমান, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে তুঙ্গে প্রস্তুতি

মঙ্গলবার প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন তারেক রহমান, নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে তুঙ্গে প্রস্তুতি

দীর্ঘ আড়াই দশক পর বাংলাদেশে আবারও কোনো বিএনপি নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সর্বশেষ ২০০১ সালে তাঁর মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লাসহ প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

শপথ গ্রহণের প্রাক্কালে সোমবার তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে পদত্যাগ করে ঢাকা-১৭ আসনটি নিজের অনুকূলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নিশ্চিত করেছেন যে, বিধি অনুযায়ী একটি আসন ছেড়ে দেওয়ায় বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত মন্ত্রিসভার আকার হতে পারে ৩৫ থেকে ৩৭ সদস্যের, যার মধ্যে ২৬ থেকে ২৭ জন পূর্ণ মন্ত্রী এবং ৯ থেকে ১০ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।

এদিকে, রাজধানীর মিন্টো রোড, বেইলি রোড ও হেয়ার রোড সংলগ্ন ‘মন্ত্রিপাড়া’য় নতুন সরকার ও মন্ত্রিসভার সদস্যদের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৬টি বাংলো ও অ্যাপার্টমেন্ট প্রস্তুত করা হচ্ছে, যেখানে আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা থাকতেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমান আপাতত গুলশানের বর্তমান বাসভবনেই থাকবেন বলে জানা গেছে। তবে পরবর্তী সময়ে তাঁর স্থায়ী ঠিকানা হতে পারে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’। কারণ, বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনটি ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় বর্তমানে বসবাসের অনুপযোগী হয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *