সেলিমের সঙ্গে বৈঠক ব্যর্থ, বাম-আইএসএফ জোট নাকচ করে একলা চলার পথে হুমায়ুন

সেলিমের সঙ্গে বৈঠক ব্যর্থ, বাম-আইএসএফ জোট নাকচ করে একলা চলার পথে হুমায়ুন

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট কিংবা আইএসএফ-এর সঙ্গে কোনো জোটে যাচ্ছে না ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের দল ‘জনতা উন্নয়ন পার্টি’। সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে এক গোপন বৈঠক ব্যর্থ হওয়ার পর সোমবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। মূলত আসন বণ্টন নিয়ে মতপার্থক্যের কারণেই এই জোট প্রক্রিয়া ভেস্তে গিয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন।

হুমায়ুন কবীর বাম শরিক দল এবং আইএসএফ-এর আসন দাবির কড়া সমালোচনা করে জানান, তিনি তাদের সঙ্গে কোনো সমঝোতায় আসবেন না। পরিবর্তে মিম-সহ আরও ৭-৮টি ছোট রাজনৈতিক দলকে নিয়ে একটি বিকল্প ফ্রন্ট গঠনের পরিকল্পনা করছেন তিনি। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে কোন দল কতগুলি আসনে লড়াই করবে, সেই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। সিপিএমকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন, যারা বর্তমানে ‘শূন্যে’ রয়েছে, তাদের ‘মহাশূন্যে’ পাঠিয়ে দেওয়া হবে।

এদিনের বৈঠকে হুমায়ুন কবীরের বক্তব্যে বিশেষ নজর কেড়েছে তাঁর ‘অধীরপ্রীতি’। গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে অধীররঞ্জন চৌধুরীর হারকে মুর্শিদাবাদের মানুষের বড় ভুল বলে আখ্যা দেন তিনি। আগামী লোকসভা নির্বাচনে ইউসুফ পাঠানকে পরাজিত করে অধীর চৌধুরীকে জেতাতে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন বলে ঘোষণা করেছেন। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপিকে রোখাই তাঁর দলের প্রধান লক্ষ্য বলে তিনি দাবি করেন।

হুমায়ুন কবীরের এই আকস্মিক অবস্থানে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বাম ও আইএসএফ সঙ্গ ত্যাগ করলেও কংগ্রেস নেতার প্রতি তাঁর এই নরম মনোভাব নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী এখনো পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি। জনতা উন্নয়ন পার্টির এই পদক্ষেপে আসন্ন নির্বাচনে ভোট ব্যাংক কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *