ভোটার তালিকায় নাম বাদ ৬৫ লক্ষ পার, ৭ আধিকারিককে বরখাস্তের ঘটনায় অনড় নির্বাচন কমিশন

ভোটার তালিকায় নাম বাদ ৬৫ লক্ষ পার, ৭ আধিকারিককে বরখাস্তের ঘটনায় অনড় নির্বাচন কমিশন

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অসঙ্গতির অভিযোগে সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টরাল রেজিস্ট্রেশন অফিসারকে (এইআরও) সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তালিকায় নাম বাদের সংখ্যা ৬৫ লক্ষ ছাড়িয়ে গেছে। রাজ্য সরকারকে এড়িয়ে সরাসরি কমিশনের এই শাস্তিমূলক পদক্ষেপ প্রশাসনিক মহলে শোরগোল ফেলে দিলেও, কমিশন স্পষ্ট জানিয়েছে যে আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০০ সালে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচন ও ভোটার তালিকা সংক্রান্ত কাজে কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন, বরখাস্ত হওয়া আধিকারিকরা এসআইআর গাইডলাইন লঙ্ঘন করেছেন। মাইক্রো অবজার্ভার ও অবজার্ভারদের বারবার সতর্কবার্তা সত্ত্বেও তারা অনিয়ম অব্যাহত রেখেছিলেন। কমিশন সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের একমাত্র পথ হলো রাজ্য সরকারের পক্ষ থেকে কমিশনের সাথে আলোচনা করা। এদিকে, শুনানির পর তথ্য আপলোডের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী।

বর্তমানে রাজ্যে অযোগ্য ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮ হাজার ৮৭০ জনে। নাম বাদ দেওয়ার এই বিশাল কর্মযজ্ঞের মাঝেই কমিশন আশ্বস্ত করেছে যে, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও যদি কারও নাম তালিকা থেকে বাদ পড়ে, তবে তিনি প্রথমে জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) এবং পরবর্তী পর্যায়ে রাজ্যের সিইও-র কাছে আপিল করতে পারবেন। সামগ্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং নিয়মভঙ্গকারীদের কড়া বার্তা দিতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *