মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজ্য সফরে অমিত শাহ

আগামী বুধবার, ১৮ ফেব্রুয়ারি নদিয়ার মায়াপুরে ইসকনের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সোমবার তাঁর চূড়ান্ত সফরসূচি প্রকাশিত হওয়ার পর নিশ্চিত হওয়া গেছে যে, এই সংক্ষিপ্ত সফরে কোনও রাজনৈতিক কর্মসূচি থাকছে না। মূলত ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই মায়াপুর সফর।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে যাওয়ার পথে তাঁকে নাম সংকীর্তনের মাধ্যমে স্বাগত জানানো হবে। বৈদিক গুরুকুলের ছাত্ররা মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানাবে এবং মন্দিরে তাঁকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী। এরপর তিনি ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ নরসিংহ পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনে অংশ নেবেন।
বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছোবেন অমিত শাহ এবং ৩টে ২০ মিনিট থেকে তাঁর নির্ধারিত ভাষণ শুরু হওয়ার কথা। প্রায় আধ ঘণ্টার ভাষণ শেষে বিকেল ৩টে ৫৫ মিনিটে তিনি পুনরায় হেলিকপ্টারে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। গত কয়েক মাসে শাহের পশ্চিমবঙ্গ সফরগুলোর তুলনায় এটিই হতে চলেছে তাঁর সংক্ষিপ্ততম সফর। দেড় ঘণ্টার এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতৃবৃন্দ এবং দলের নদিয়া উত্তর সাংগঠনিক জেলার নেতৃত্ব।