প্রতিবেশী বাংলাদেশের মসনদে তারেক রহমান, ভারতের সঙ্গে কি নতুন সম্পর্কের সূর্যোদয় হতে চলেছে?

প্রতিবেশী বাংলাদেশের মসনদে তারেক রহমান, ভারতের সঙ্গে কি নতুন সম্পর্কের সূর্যোদয় হতে চলেছে?

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জমানা শেষ। আজ মঙ্গলবার বিকেলেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই হাই-ভোল্টেজ শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন বিশ্ব রাজনীতির নজর বাংলাদেশের দিকে। ভারতের সঙ্গে আগামী দিনে সম্পর্কের সমীকরণ ঠিক কোন পথে এগোবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বিদায়ী ইউনূসের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

বিদায়বেলায় জাতির উদ্দেশে দেওয়া শেষ ভাষণে বিতর্ক উসকে দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সমুদ্রপথকে নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’-এর সঙ্গে যুক্ত করে একটি উপ-আঞ্চলিক অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব দিয়েছেন তিনি। তবে তাৎপর্যপূর্ণভাবে, সরাসরি ভারতের নাম নেওয়া এড়িয়ে গেছেন ইউনূস। বিশেষজ্ঞদের মতে, ভারতের নাম না নিয়ে কেবল ‘সেভেন সিস্টার্স’ উল্লেখ করাটা ছিল অত্যন্ত সুপরিকল্পিত, যা ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার একটি প্রচ্ছন্ন চেষ্টা।

দিল্লির ভরসা কি এখন তারেক?

হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বিরোধী যে হাওয়া বাংলাদেশে বইছিল, ড. ইউনূসের বেশ কিছু মন্তব্য তাতে ঘৃতাহুতি দিয়েছিল। তবে সাউথ ব্লক আশা করছে, তারেক রহমান সেই পথে হাঁটবেন না। ভারতও ইতিমধ্যেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠাচ্ছেন। প্রতিনিধি দলে বিদেশ সচিব বিক্রম মিসরি এবং লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংহেরও থাকার কথা রয়েছে। দিল্লির এই ইতিবাচক পদক্ষেপ আদতে ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করারই ইঙ্গিত।

শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল আকর্ষণ

  • সময় ও স্থান: আজ বিকেল ৪টেয় তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে অনুষ্ঠান হবে সংসদ চত্বরের দক্ষিণ প্লাজায়।
  • বিদেশি অতিথি: অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজু এবং তুরস্কের উচ্চপদস্থ প্রতিনিধি বেরিস একিন্সি।
  • সাংসদদের শপথ: প্রধানমন্ত্রীর শপথের আগে সকাল ১০টায় নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *