যুবসাথী প্রকল্পে ভাতার লাইনে উচ্চশিক্ষিতরা, দুই দিনে জমা পড়ল ১৩ লক্ষ আবেদন

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকার চালু করল ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যে রাজ্যজুড়ে প্রায় ১৩ লক্ষ আবেদন জমা পড়েছে। কলকাতা থেকে জেলা— সর্বত্রই এই নতুন প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
প্রকল্পে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ নির্ধারিত হলেও, ফর্ম তোলার লাইনে দেখা গিয়েছে এমএ, এমবিএ, পিএইচডি এমনকি ডাক্তারি ও নার্সিং পড়ুয়াদেরও। মুর্শিদাবাদ, পুরুলিয়া ও ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে ভাতার লাইনে দাঁড়িয়ে অনেক উচ্চশিক্ষিত যুবক রাজ্যে কর্মসংস্থান ও স্থায়ী চাকরির দাবিতেও সরব হয়েছেন।
এই প্রকল্পে আবেদনের বয়সসীমা ২১ থেকে ৪০ বছর (১ এপ্রিল ২০২৬ অনুযায়ী) নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে পূরণ করতে হবে এবং নামের বানান মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হওয়া আবশ্যিক। এছাড়া ফরমে নির্দিষ্ট পদ্ধতিতে ছবি ও স্বাক্ষর যুক্ত করার পাশাপাশি আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রদান করতে হবে বলে জানানো হয়েছে।