রাফাল চুক্তিতে ইতিহাস গড়তে চলেছে ভারত ও ফ্রান্স, ৩.৬০ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির পথে মোদী-ম্যাক্রোঁ

রাফাল চুক্তিতে ইতিহাস গড়তে চলেছে ভারত ও ফ্রান্স, ৩.৬০ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা চুক্তির পথে মোদী-ম্যাক্রোঁ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মুম্বই বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সফরে ভারত ও ফ্রান্সের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণা, নিরাপত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বুধবার নয়াদিল্লিতে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’-এও যোগ দেবেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাক্রোঁর এই সফরের প্রধান আকর্ষণ হতে চলেছে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার মেগা ডিল। প্রায় ৩.৬০ লক্ষ কোটি টাকার এই চুক্তির অধীনে যুদ্ধবিমানের একটি বড় অংশ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় ভারতেই তৈরি হবে। গত সপ্তাহে ডিফেন্স অ্যািশন কাউন্সিল এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে। বিশেষজ্ঞরা এই সম্ভাব্য চুক্তিকে চলতি শতাব্দীর অন্যতম বৃহত্তম সামরিক লেনদেন হিসেবে অভিহিত করেছেন, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বর্তমানে ভারতের কাছে বায়ুসেনা ও নৌবাহিনীর জন্য মোট ৬২টি রাফাল বিমান রয়েছে। নতুন চুক্তিটি সম্পন্ন হলে ভারতীয় সেনার হাতে মোট ১৭৬টি রাফাল থাকবে, যা দেশের আকাশসীমার নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই রাষ্ট্রপ্রধান মুম্বইয়ের রাজভবনে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এছাড়া তাঁরা ‘ইন্ডিয়া-ফ্রান্স ইনোভেশন ফোরাম’ এবং গেটওয়ে অব ইন্ডিয়ায় আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *