কলেজে নতুন বিষয় চালুর অনুমতি এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে উচ্চশিক্ষা দফতরের নয়া পোর্টাল

রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি কলেজগুলিতে নতুন বিষয় অনুমোদনের প্রক্রিয়া সহজ করতে বিশেষ পোর্টাল চালু করল উচ্চশিক্ষা দফতর। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দর্শনে স্বচ্ছতা ও গতি আনতে এই ডিজিটাল রূপান্তর ঘটানো হয়েছে। এর ফলে কলেজগুলিকে আর অনুমোদনের জন্য দীর্ঘ প্রতীক্ষা বা বিকাশ ভবনে দৌড়ঝাঁপ করতে হবে না।
আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল ১০টা থেকে নির্দিষ্ট পোর্টালে (subjectaffiliation.wb.gov.in) আবেদন প্রক্রিয়া শুরু হবে। উচ্চশিক্ষা সংসদের অধীনে থাকা কলেজগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন বিষয়ের ‘অ্যাফিলিয়েশন’-এর জন্য অনলাইনে আবেদন জানাতে পারবে। সংসদও একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনগুলি খতিয়ে দেখে দ্রুত তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।
প্রশাসনিক কাজে স্বচ্ছতা আনতে এর আগে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করেছিল দফতর। এবার নতুন বিষয় চালুর ক্ষেত্রেও ডিজিটালাইজেশনের পথে হাঁটল রাজ্য। শিক্ষা মহলের মতে, এই ব্যবস্থার ফলে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা অনেকটাই লাঘব হবে। পোর্টালটি চালু হওয়ায় শিক্ষা দফতরের নজরদারি বাড়ার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের ভোগান্তিও কমবে।