বিয়ের আগে শারীরিক সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার মামলায় অভিযুক্তের জামিনের আবেদনের শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জানিয়েছে, বিয়ের আগে নারী ও পুরুষ পরস্পরের কাছে অপরিচিত, তাই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। আদালত উল্লেখ করেছে যে, সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বিয়ের আগে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আগে পরিণতির কথা ভাবা উচিত।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং দিল্লি ও দুবাইয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত আগে থেকেই বিবাহিত ছিলেন এবং অভিযোগকারিণীকে বিয়ে না করে ২০২৪ সালে অন্য একজনকে বিয়ে করেন। এছাড়া অনুমতি ছাড়া অন্তরঙ্গ ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগও আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
এর আগে সেশনস কোর্ট ও দিল্লি হাইকোর্ট অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। হাইকোর্ট পর্যবেক্ষণ করেছিল যে, অভিযুক্ত বিবাহিত হওয়া সত্ত্বেও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সম্মতি আদায় করেছিলেন, যা আইনত বৈধ নাও হতে পারে। তবে বর্তমান শুনানিতে সুপ্রিম কোর্ট বিষয়টিকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিয়েছে এবং জানিয়েছে যে সম্মতিসূচক সম্পর্কের ক্ষেত্রে সব সময় দণ্ডবিধি প্রয়োগের বিষয়টি বিবেচনা সাপেক্ষ।