মায়াপুরে ইসকন-এর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজ্য সফরে অমিত শাহ

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে বুধবার একদিনের ঝটিকা সফরে পশ্চিমবঙ্গ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে এই সফরে তাঁর মূল গন্তব্য নদিয়ার মায়াপুর। সেখানে ইসকন-এর আয়োজনে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রশাসনিক সূত্রে খবর, কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে অমিত শাহ সরাসরি মায়াপুরে পৌঁছাবেন। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বৈষ্ণব ভক্ত ও গবেষকরা উপস্থিত থাকবেন, যেখানে শ্রীঠাকুরের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে ভাষণ দেবেন এবং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য ও সমকালীন সমাজে সনাতন মূল্যবোধের গুরুত্ব তুলে ধরবেন বলে জানা গেছে। ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিশেষ সংবর্ধনাও দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশি তৎপরতা তুঙ্গে। মায়াপুর ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই অনুষ্ঠানস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। রাজনৈতিক কর্মসূচি না থাকলেও শাহের এই মায়াপুর সফরকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক কৌতুহল তৈরি হয়েছে।