বিদায়বেলায় ইউনূসের মুখে ভারতের ‘সেভেন সিস্টার্স’, কূটনৈতিক মহলে দানা বাঁধছে বিতর্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজের বিদায়ী ভাষণে মুহাম্মদ ইউনূস নেপাল, ভুটান ও ভারতের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, মুক্ত বাণিজ্য চুক্তি ও শুল্কমুক্ত বাজারের মাধ্যমে এই পুরো অঞ্চলকে একটি বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করা সম্ভব। তবে লক্ষণীয়ভাবে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর কথা বললেও তিনি একবারও সরাসরি ‘ভারত’ নামটি উচ্চারণ করেননি।
ইউনূসের এই বক্তব্যকে সহজভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভারতের নাম এড়িয়ে সরাসরি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কথা উল্লেখ করার পেছনে বিচ্ছিন্নতাবাদে উস্কানি দেওয়ার সুপ্ত অভিসন্ধি থাকতে পারে। এর আগে চীন সফরে গিয়েও তিনি বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভারতের এই রাজ্যগুলোর সাথে বাণিজ্যের প্রস্তাব দিয়েছিলেন, যা নয়াদিল্লির কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভৌগোলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন নেক’-এর সার্বভৌমত্ব রক্ষা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ। এমন সংবেদনশীল পরিস্থিতিতে বিদায়ী সরকার প্রধানের এই ধরণের মন্তব্য ভারতের নিরাপত্তা চিন্তাকে আরও উসকে দিয়েছে। বর্তমানে বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলায় দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের দিকে কড়া নজর রাখছে রাজনৈতিক মহল।