লক্ষ্য এখন আইপিএল: দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাদ দিলেন বিশ্বজয়ী বৈভব সূর্যবংশী

লক্ষ্য এখন আইপিএল: দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাদ দিলেন বিশ্বজয়ী বৈভব সূর্যবংশী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে বিশ্বজয়ী করার অন্যতম নায়ক বৈভব সূর্যবংশী আপাতত পড়াশোনার চেয়ে ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। বিহারের তাজপুরের এই ১৪ বছর বয়সী বিস্ময় বালক চলতি বছরের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত অনূর্ধ্ব-১৯ এবং ভারত ‘এ’ দলের হয়ে টানা আন্তর্জাতিক সফরে ব্যস্ত থাকায় প্রস্তুতির পর্যাপ্ত সময় পাননি তিনি। ফলে পরীক্ষা ছেড়ে আপাতত ২২ গজেই মন দিয়েছেন এই তরুণ তুর্কি।

বর্তমানে বৈভব নাগপুরে রাজস্থান রয়্যালস শিবিরের সঙ্গে আইপিএল ২০২৬-এর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। তাঁর কোচ মনীশ ওঝা জানিয়েছেন, পেশাদার ক্রিকেটের চাপের কারণেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাঁর পরীক্ষা কেন্দ্র সমষ্টিপুরের পোদ্দার ইন্টারন্যাশনাল স্কুল থেকে কোনও বিশেষ সুবিধা না দেওয়ার কথা জানানো হয়েছিল, তবে শেষ পর্যন্ত ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ড পরীক্ষা থেকে পিছিয়ে এসেছেন বৈভব।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বজুড়ে আলোচনায় আসেন বৈভব। টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪৩৯ রান করার পাশাপাশি ডিওয়াল্ড ব্রেভিসের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩০টি ছক্কা মারার নজির গড়েছেন তিনি। আইপিএলের আগামী মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের এই বিধ্বংসী ফর্ম বজায় রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *