বারবার মমতার বাড়িতে রড-বন্দুক নিয়ে হানা, পুলিশের ভূমিকায় তুমুল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

বারবার মমতার বাড়িতে রড-বন্দুক নিয়ে হানা, পুলিশের ভূমিকায় তুমুল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কলকাতা: মুখ্যমন্ত্রীর পাড়ায় ‘নিশ্ছিদ্র’ নিরাপত্তা ভেদ করে বারবার ঢুকে পড়ছে অচেনা ব্যক্তিরা। কখনও হাতে রড, কখনও বা আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহভাজনরা পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দরমহলের দোরগোড়ায়। সোমবার এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য ফাঁস করে খোদ পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই তদন্তে গাফিলতির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে, খোদ পুলিশ মন্ত্রীর বাড়িতেই যদি এমন নিরাপত্তাহীনতা থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, অতীতে বহুবার তাঁর বাড়িতে ট্রেসপাসার্স বা অনুপ্রবেশকারীরা ঢুকে পড়লেও পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। সিসিটিভির মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে একাধিকবার। অথচ প্রতিবারই পুলিশ দায়সারা ভাবে অভিযুক্তদের ‘মানসিক রোগী’ বলে ছেড়ে দিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “এই ঘটনাগুলোর তদন্তে পুলিশের গাফিলতি রয়েছে। ওরা ঠিক করে তদন্ত করে না।” কেন তিনি আগে ব্যবস্থা নেননি? এই প্রশ্নের জবাবে মমতার সাফ কথা, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কাউকে কিছু বলতে পছন্দ করেন না। তবে বারবার একই ধরনের ঘটনায় পুলিশের ‘পাগল’ তকমা দিয়ে অপরাধীদের আড়াল করার প্রবণতায় তিনি অত্যন্ত বিরক্ত। পুলিশের এই উদাসীনতা নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *