গোপন করার কিছু নেই, অ্যাপস্টাইন ফাইল নিয়ে মুখ খুললেন ট্রাম্প

গোপন করার কিছু নেই, অ্যাপস্টাইন ফাইল নিয়ে মুখ খুললেন ট্রাম্প

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফরি অ্যাপস্টাইনের সঙ্গে নিজের নাম জড়িয়ে যাওয়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অ্যাপস্টাইন ফাইলের নথিতে তাঁর নাম থাকলেও লুকানোর মতো কিছু নেই। ৩ মিলিয়নেরও বেশি নথির এই বিশাল ভাণ্ডারে ট্রাম্পের নাম আসায় বিশ্ব রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে।

ট্রাম্পের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং তিনি এই বিষয় থেকে পুরোপুরি ‘মুক্ত’। তবে ইতিহাস অন্য কথা বলছে। আশির দশক থেকেই অ্যাপস্টাইনের সঙ্গে ট্রাম্পের পরিচয়ের সূত্র মেলে। ১৯৯৩ সালে ট্রাম্পের বিয়েতেও উপস্থিত ছিলেন অ্যাপস্টাইন। এমনকি এক সময় অ্যাপস্টাইনকে ‘চমৎকার মানুষ’ হিসেবেও অভিহিত করেছিলেন তিনি।

এদিকে মার্কিন বিচার বিভাগ অ্যাপস্টাইন মামলার অভ্যন্তরীণ মেমো এবং ইমেল প্রকাশ না করায় ক্ষোভ উগরে দিয়েছেন আইনপ্রণেতারা। অন্যদিকে, প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটন সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছেন। ক্লিনটনের দাবি, ট্রাম্প অত্যন্ত ধীরগতিতে তথ্য প্রকাশ করে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তিনি নিজে এই মামলার তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।

২০১৯ সালে জেলবন্দি অবস্থায় অ্যাপস্টাইনের রহস্যজনক মৃত্যুর পর থেকেই এই ফাইলগুলি নিয়ে জল্পনা তুঙ্গে। এখন ট্রাম্পের এই সাফাই জনমানসে কতটা বিশ্বাসযোগ্য হয়, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *