প্রতিশ্রুতির ১০ মাস পরেও মেলেনি চাকরি, ক্ষুব্ধ আশাবরী জগদালে এখন অমিত শাহের দ্বারস্থ

প্রতিশ্রুতির ১০ মাস পরেও মেলেনি চাকরি, ক্ষুব্ধ আশাবরী জগদালে এখন অমিত শাহের দ্বারস্থ

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত মহারাষ্ট্রের পর্যটক সন্তোষ জগদালের পরিবারকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার। ঘটনার ১০ মাস অতিক্রান্ত হলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের কন্যা আশাবরী জগদালে। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে তিনি নিজের বেসরকারি চাকরি ছেড়ে দিলেও বর্তমানে সঞ্চয় ফুরিয়ে আসায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন তারা।

আশাবরী অভিযোগ করেন, চাকরির দাবিতে গত ১০ মাস ধরে একাধিক সরকারি দপ্তরে ঘুরলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কোনো সুরাহা মেলেনি বলে তাঁর দাবি। প্রশাসনের উদাসীনতায় স্তম্ভিত হয়ে তিনি অবশেষে রাজ্যসভার সাংসদ মেধা কুলকার্নির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করেছেন।

বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হতেই আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। দলের মিডিয়া ইন-চার্জ নবনাথ বান জানিয়েছেন, তাঁরা সন্ত্রাস হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দায়বদ্ধ। জগদালে পরিবারের এই সমস্যার দ্রুত সমাধানে তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *