যুবসাথী প্রকল্পে ব্যাপক সাড়া, দু’দিনে আবেদন জমা পড়ল ১৪ লক্ষেরও বেশি

রাজ্য সরকারের ‘স্বনির্ভর বাংলা’ শিবিরের শুরুতেই ‘যুবসাথী’ প্রকল্পকে ঘিরে বিপুল উৎসাহ তৈরি হয়েছে। গত দুই দিনে অফলাইন ও অনলাইন মিলিয়ে এই প্রকল্পে আবেদনকারীর সংখ্যা ১৪ লক্ষ ৬৪ হাজার ৮১২ জনে দাঁড়িয়েছে। নবান্ন সূত্রে খবর, সামগ্রিকভাবে বিভিন্ন প্রকল্পে মোট আবেদন জমা পড়েছে ১৬ লক্ষ ৫৬ হাজার ৪৫০টি। যার মধ্যে কেবল যুবসাথী প্রকল্পেই আবেদনের হার সর্বাধিক। রবিবার রাত থেকে অনলাইনেও এই সুবিধা চালু হওয়ায় ভিড় আরও বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, জেলাভিত্তিক আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ এবং দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। এরপরেই রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলা। অন্যদিকে, সবথেকে কম আবেদন জমা পড়েছে কালিম্পংয়ে। মূলত ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। যুবসাথীর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন কৃষক এবং সেচ প্রকল্পে ছাড়ের আবেদন জানাতেও শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬০৪টি শিবিরের পাশাপাশি ‘apas.wb.gov.in’ পোর্টালের মাধ্যমেও আবেদন প্রক্রিয়া সচল রয়েছে। আবেদনকারীদের সুবিধার্থে নির্দিষ্ট হেল্পডেস্ক নম্বর ও ওটিপি ভিত্তিক নথিভুক্তিকরণ ব্যবস্থা রাখা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে সরকারি প্রকল্পের এই বিপুল সাফল্য জনমানসে বর্তমান প্রশাসনের প্রতি আস্থারই প্রতিফলন। আগামী দিনগুলিতে আবেদনের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করছে নবান্ন।