রেললাইনে মদ্যপ যুবকের ‘সুখনিদ্রা’, মুম্বইয়ে চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে এক হাড়হিম করা ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৮ বছর বয়সি অভিষেক প্রকাশ কার্দিলে নামের এক মদ্যপ যুবক ১ নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। পেশায় প্লাস্টিক সংগ্রাহক ওই যুবক নেশার ঘোরে রেললাইনকেই বিছানা বানিয়ে শুয়ে পড়েন, এমনকি একটি ট্র্যাককে বালিশ হিসেবে ব্যবহার করছিলেন।
দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ ওই লাইনেই একটি লোকাল ট্রেন হর্ন বাজিয়ে ঢুকতে শুরু করলে প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের চিৎকার এবং উত্তেজনার মাঝেও যুবকের ঘুম না ভাঙলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। তবে শেষ মুহূর্তে ট্রেনের চালক অত্যন্ত তৎপরতার সঙ্গে এমারজেন্সি ব্রেক কষলে যুবকের শরীরের খুব কাছ দিয়ে ট্রেনটি থেমে যায়।
রেল পুলিশ (RPF) সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়া ওই যুবককে তৎক্ষণাৎ হেফাজত করা হয়েছে। সাব-ইন্সপেক্টর বিবেক জানান, অতিরিক্ত নেশাগ্রস্ত থাকার ফলেই অভিষেক নিজের বিপদের কথা বুঝতে পারেননি। বর্তমানে আরপিএফ ঘটনার তদন্ত করছে এবং ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। চালকের উপস্থিত বুদ্ধিতে এক বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
! Drunk man sleeps on track at the city's biggest rail terminus at Mumbai CSMT, holds up local train on harbour line.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 16, 2026
pic.twitter.com/SGVuT4nmjz