রাজ্যজুড়ে ‘যুবসাথী’ প্রকল্পের জোয়ার, কর্মহীনদের জন্য মমতার নতুন মাস্টারস্ট্রোক

রাজ্যজুড়ে ‘যুবসাথী’ প্রকল্পের জোয়ার, কর্মহীনদের জন্য মমতার নতুন মাস্টারস্ট্রোক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বেকার যুবক-যুবতীদের আর্থিক স্বাবলম্বী করতে ‘যুবসাথী’ প্রকল্পের পরিধি বাড়াল রাজ্য সরকার। ৫,০০০ কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পের আওতায় মাধ্যমিক পাশ ২১ থেকে ৪০ বছর বয়সী কর্মহীনরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। বিশেষ বিষয় হলো, উচ্চশিক্ষার জন্য যারা কন্যাশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো সরকারি বৃত্তি পাচ্ছেন, তারাও এই সুবিধার আওতাভুক্ত থাকবেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

প্রকল্পটি ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া পড়েছে। গত রবিবার ও সোমবার রাজ্যের বিভিন্ন শিবিরে আবেদনকারীদের উপচে পড়া ভিড় সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই অনলাইন পোর্টাল চালু করতে বাধ্য হয়েছে নবান্ন। হুগলি থেকে বহরমপুর—সর্বত্রই লাইনে দাঁড়িয়েছেন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ কর্মহীন যুবক-যুবতীরা। প্রাথমিকভাবে প্রকল্প শুরু করার সময়সীমা ১৫ আগস্ট ধার্য হলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা এগিয়ে এনে এপ্রিল থেকেই ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলা ভোট নিশ্চিত করার পর এবার ‘যুবসাথী’র মাধ্যমে তরুণ প্রজন্ম ও পুরুষ ভোটারদের মন জয় করতে চাইছে শাসকদল। বিরোধীরা একে কর্মসংস্থানের অভাব হিসেবে দেখলেও, তৃণমূল একে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবেই তুলে ধরছে। সর্বোচ্চ পাঁচ বছর বা চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা চালু থাকবে। মূলত প্রতিষ্ঠানবিরোধী হাওয়া মোকাবিলা করে ভোটের আগে যুবসমাজকে পাশে পাওয়াই এই মেগা প্রকল্পের লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *