মুম্বই উপকূলে আটক তিনটি ইরানি জাহাজ, অবৈধ তেল পাচার রুখতে কঠোর ভারত

আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মুম্বই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে তিনটি ইরানি জাহাজ আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফল্ট স্টার’ এবং ‘আল জাফজিয়া’ নামের এই জাহাজগুলি নিজেদের পরিচয় গোপন করে ভারতের জলসীমা ব্যবহার করছিল বলে অভিযোগ। প্রাথমিক তদন্তের জন্য জাহাজগুলিকে মুম্বই বন্দরে নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
সূত্রমতে, ‘শিপ-টু-শিপ’ পদ্ধতিতে অবৈধভাবে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য এক জাহাজ থেকে অন্য জাহাজে স্থানান্তরের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং পণ্য চলাচলের উৎস গোপন রাখতেই সাধারণত এই কৌশল অবলম্বন করা হয়। ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যে, দেশের জলসীমা ব্যবহার করে এমন কোনো অবৈধ লেনদেন বরদাস্ত করা হবে না। এই ঘটনার পর আরব সাগরে নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে উপকূলরক্ষী বাহিনী।
উল্লেখ্য, আটক হওয়া জাহাজগুলোর সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত কয়েকটি জাহাজের তথ্যের মিল পাওয়া গেছে। বর্তমানে ভারতের সামুদ্রিক অঞ্চলে প্রায় ৫৫টি জাহাজ ও ১২টি বিমান সার্বক্ষণিক টহল দিচ্ছে। সম্প্রতি রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দেওয়ায় আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক উন্নত হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানি জাহাজ আটকের এই ঘটনা ভূ-রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।