জেনেভা বৈঠক ব্যর্থ হলে ইরান-আমেরিকা যুদ্ধের আশঙ্কা, পরমাণু ইস্যুতে তুঙ্গে উত্তেজনা

পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের সংঘাত নিরসনে আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় ধাপের বৈঠকে বসছে ইরান ও আমেরিকা। এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইতিমিধ্যেই জেনেভায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে এই কূটনৈতিক প্রচেষ্টা যদি সফল না হয়, তবে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাত বা যুদ্ধ শুরু হতে পারে বলে আন্তর্জাতিক মহলে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
বৈঠকের আগে আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তির লক্ষ্য নিয়ে আলোচনায় এসেছে। এই পরোক্ষ আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কূটনৈতিক সমাধানের সুযোগ দেখছেন, তবে একটি টেকসই চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে বলে তিনি মন্তব্য করেছেন।
অন্যদিকে, ইরান স্পষ্ট জানিয়েছে যে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কোনো সমঝোতা সম্ভব নয়। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তারা শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি মানবে না। ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে হুঁশিয়ারি দিয়েছেন যে, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে নতুন চুক্তি না হলে ইরানে মার্কিন হামলা অনিবার্য। ফলে আজকের এই বৈঠকের ফলাফলের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি।