বোর্ড পরীক্ষায় বসতেই হবে, দশম শ্রেণির পড়ুয়াদের না হলে খোয়া যাবে আস্ত বছর

NEWS DESK : ২০২৬ সালের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE)। নতুন নিয়ম অনুযায়ী, প্রথম দফার বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা সমস্ত পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। বোর্ড স্পষ্ট জানিয়েছে, কোনো শিক্ষার্থী যদি প্রথম দফার পরীক্ষায় অন্তত তিনটি বিষয়ে উপস্থিত না থাকে, তবে তাকে ‘এসেনশিয়াল রিপিট’ বা ‘আবশ্যিক পুনরাবৃত্তি’ বিভাগে রাখা হবে। অর্থাৎ, সেই পড়ুয়া ওই শিক্ষাবর্ষের দ্বিতীয় দফার পরীক্ষায় বসার সুযোগ পাবে না।
জাতীয় শিক্ষানীতি (NEP 2020)-এর আদলে ২০২৬ সাল থেকে বছরে দুবার বোর্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে CBSE। সম্প্রতি অনেক পড়ুয়া এবং অভিভাবক আবেদন জানিয়েছিলেন যে, যারা প্রথম দফার পরীক্ষায় বসতে পারবে না তাদের যেন সরাসরি দ্বিতীয় দফায় সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সংযম ভরদ্বাজ। তিনি জানিয়েছেন, নীতি অনুযায়ী অন্তত তিনটি বিষয়ে পরীক্ষায় না বসলে দ্বিতীয় দফার পরীক্ষায় বসার কোনো অনুমতি দেওয়া হবে না। এই ধরনের পড়ুয়ারা পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে পুনরায় মূল পরীক্ষায় বসার সুযোগ পাবে।
তবে যেসব পড়ুয়া প্রথম দফার পরীক্ষায় বসেও কোনো বিষয়ে অকৃতকার্য হয়ে ‘কম্পার্টমেন্ট’ পাবে, তারা দ্বিতীয় দফার পরীক্ষায় বসার অনুমতি পাবে। এছাড়া দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর আর কোনো অতিরিক্ত বিষয় নেওয়ার সুযোগ থাকছে না। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমিয়ে সামগ্রিক বিকাশে উৎসাহিত করা। উল্লেখ্য, এ বছর থেকেই ভারত ও বিদেশের প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী এই নতুন কাঠামোর অধীনে বোর্ড পরীক্ষায় অংশ নিতে চলেছে।