মানবিক কল্যাণে এআই ব্যবহারের বার্তা নিয়ে দিল্লিতে শুরু হলো ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট

NEWS DESK : ভারতের প্রযুক্তিগত জয়যাত্রা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে রাজধানী দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ২০২৬’। সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় স্পষ্ট করেছেন যে, এআই-এর মূল লক্ষ্য হতে হবে জনহিতৈষী এবং সকলের সমান উন্নয়ন। তিনি জানান, বুদ্ধিমত্তা ও যুক্তিনির্ভর এই প্রযুক্তিকে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানোই ভারত সরকারের প্রধান উদ্দেশ্য।
গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে এটিই এ ধরনের বৃহত্তম বৈশ্বিক সম্মেলন, যেখানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের সরকারি প্রতিনিধি এবং ২০ জন রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে ২০-এর বেশি দেশের মন্ত্রী এবং ৫০০-র বেশি বিশ্বখ্যাত প্রযুক্তিবিদ ও গবেষক উপস্থিত রয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই সম্মেলনের মূল ভাষণ দেবেন, যা বিশ্বজুড়ে অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল এআই ব্যবহারের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবে।
সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘এআই ফর অল’, ‘এআই বাই হার’ এবং ‘ইউভাই’-এর মতো তিনটি বিশেষ গ্লোবাল চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতার জন্য ৬০টি দেশ থেকে প্রায় ৪,৬৫০টি আবেদন জমা পড়েছে, যা উদ্ভাবনী শক্তিতে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকেই প্রমাণ করে। নির্বাচিত ৭০টি দল চূড়ান্ত পর্বে নিজেদের উদ্ভাবনী কৌশল প্রদর্শন করবে, যা ভবিষ্যৎ নীতি নির্ধারণে সহায়ক হবে।
পাশাপাশি, ১৮ ফেব্রুয়ারি হায়দরাবাদ আইআইটি-র সহযোগিতায় একটি বিশেষ গবেষণা সেমিনার আয়োজিত হবে। যেখানে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার গবেষকদের প্রায় ২৫०টি গবেষণাপত্র জমা পড়েছে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং এস্তোনিয়ার প্রেসিডেন্ট অলর কারিসসহ বিশিষ্ঠ ব্যক্তিত্বরা এই আলোচনায় অংশ নেবেন। মূলত এআই-চালিত বৈজ্ঞানিক আবিষ্কার, নিরাপত্তা পরিকাঠামো এবং শাসন ব্যবস্থার আধুনিকীকরণ নিয়েই এই সম্মেলনে বিস্তারিত আলাপ-আলোচনা করা হচ্ছে।