পকেটে আসবে বেশি টাকা, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়করের নিয়ম

চাকরিজীবীদের জন্য বড় সুখবর নিয়ে আসছে নতুন অর্থবর্ষ। প্রস্তাবিত নতুন আয়কর আইন ২০২৬-এর অধীনে আপনার বেতন থেকে করের বোঝা কমতে চলেছে, যার ফলে মাস শেষে হাতে পাওয়া বেতনের পরিমাণ বা ‘ইন-হ্যান্ড স্যালারি’ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে মধ্যবিত্ত চাকরিজীবীদের বার্ষিক সঞ্চয় ২৫,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। দেখে নিন ১ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া ৫টি বড় পরিবর্তন।
১২ লাখ টাকা পর্যন্ত আয়ে নেই কোনো ট্যাক্স
নতুন কর ব্যবস্থার অধীনে এখন বছরে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না। সরকার ধারা 87A-এর অধীনে রিবেটের সীমা বাড়িয়ে ৬০,০০০ টাকা করেছে। এর সরাসরি সুফল পাবেন মধ্যবিত্ত কর্মীরা, যাদের বছরে প্রায় ৫০,০০০ টাকা পর্যন্ত কর সাশ্রয় হতে পারে।
মেট্রো শহরে এইচআরএ ক্লেইমে বড় সুবিধা
বাড়ি ভাড়া ভাতার (HRA) নিয়মে বড়সড় বদল আনা হয়েছে। এখন থেকে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে এবং আমদাবাদের মতো শহরে বসবাসকারী কর্মীরা তাদের মূল বেতনের (Basic Salary) ৫০% পর্যন্ত এইচআরএ ক্লেইম করতে পারবেন। এতে করযোগ্য আয় অনেকটাই কমে যাবে এবং হাতে আসা টাকার পরিমাণ বাড়বে।
স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি
চাকরিজীবীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা অব্যাহত থাকছে। শোনা যাচ্ছে, বর্তমানের ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে এই সীমা ১,০০,০০০ টাকা করা হতে পারে। এটি কার্যকর হলে সরাসরি ২৫,০০০ টাকা করযোগ্য আয় থেকে বাদ যাবে।
সন্তানদের পড়াশোনা ও হোস্টেল অ্যালাউন্সে বিশাল ছাড়
মূল্যস্ফীতির কথা মাথায় রেখে সন্তানদের শিক্ষা ও হোস্টেল ভাতার সীমা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আগে যেখানে প্রতি মাসে মাত্র ১০০ টাকা শিক্ষা ভাতা পাওয়া যেত, তা বাড়িয়ে ৩,০০০ টাকা করা হচ্ছে। একইভাবে হোস্টেল ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে মাসে ৯,০০০ টাকা করা হয়েছে। এই একটি পরিবর্তনই বছরে প্রায় ৫০,০০০ টাকা কর বাঁচাতে সাহায্য করবে।
অফিস গিফটেও মিলবে করছাড়
অফিস থেকে পাওয়া উপহার বা গিফট ভাউচারের করমুক্ত সীমাও বাড়ানো হয়েছে। আগে ৫,০০০ টাকা পর্যন্ত গিফটের ওপর কর লাগত না, এখন সেই সীমা বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে। অর্থাৎ দিওয়ালি বোনাস বা বিশেষ পুরস্কারের ওপর এখন আর করের দুশ্চিন্তা থাকবে না।
সামগ্রিকভাবে আপনার বেতন কাঠামো এবং আপনি কোন ট্যাক্স রিজিমে থাকছেন, তার ওপর ভিত্তি করে এই নতুন নিয়মগুলো আপনার পকেটে বাড়তি স্বস্তি এনে দেবে।