আপনি তো চেয়ারে বসার যোগ্যই নন, রাহুল গান্ধীর ওপর মারাত্মক চটলেন নবজ্যোত কৌর

আপনি তো চেয়ারে বসার যোগ্যই নন, রাহুল গান্ধীর ওপর মারাত্মক চটলেন নবজ্যোত কৌর

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙনের মুখে কংগ্রেস। হাত শিবির ত্যাগ করেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নবজ্যোত সিং সিধুর স্ত্রী নবজ্যোত কৌর সিধু। লোকসভার বিরোধী দলনেতাকে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি দাবি করেছেন, রাহুল গান্ধী বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন এবং পাঞ্জাবে কংগ্রেসের ভরাডুবির জন্য তিনিই দায়ী।

টিকিট বিক্রির অভিযোগ এবং রাহুলের ভূমিকা

কয়ম্বটুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবজ্যোত কৌর অভিযোগ করেন, পাঞ্জাব কংগ্রেসের অন্দরে চরম দুর্নীতি চলছে। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের নেতারাই আসন্ন নির্বাচনের টিকিট বিক্রি করে দিচ্ছেন বলে তাঁর দাবি। তিনি বলেন, “রাহুল গান্ধী মুখে খুব ভালো এবং আদর্শের কথা বলেন, কিন্তু তাঁর কথা ও কাজের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। গত ৮ মাস ধরে আমি তাঁর সঙ্গে দেখা করার সময় চেয়েছি এটা জানানোর জন্য যে ওঁর নিযুক্ত ব্যক্তিরা পাঞ্জাবে কংগ্রেসকে শেষ করে দিচ্ছে। কিন্তু তিনি সময় দেননি।”

চেয়ারে বসার যোগ্যতা নিয়ে প্রশ্ন

রাহুল গান্ধীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কৌর আরও বলেন, “আপনার নাকের ডগায় কী ঘটছে যদি আপনি সেটুকুই না জানেন, তবে আপনি ওই চেয়ারে বসার যোগ্য নন। পাঞ্জাবের মানুষের জন্য আমরা সব ছেড়েছিলাম। আমাদের উপ-মুখ্যমন্ত্রী পদ এবং ৭টি দপ্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই মেলেনি।”

দুর্নীতির বিরুদ্ধে লড়াই কি কেবল নাটক?

রাহুল গান্ধীকে সরাসরি বিঁধে নবজ্যোত কৌর প্রশ্ন তোলেন, যাঁদের চারপাশে সব সময় দুর্নীতিগ্রস্ত মানুষ ঘুরে বেড়ায়, তাঁরা কোন মুখে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন? তাঁর মতে, সৎ মানুষের কথা শোনার সময় রাহুল গান্ধীর নেই, আর সেই কারণেই পাঞ্জাবে কংগ্রেসের জয় আসাম্ভব।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন নবজ্যোত কৌর। এর আগে দলীয় বিরোধী কাজের জন্য তাঁকে বহিষ্কারও করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঞ্জাব সফরের ঠিক আগেই কৌরের এই বিস্ফোরক মন্তব্য কংগ্রেসের অন্দরে অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *