বিদায়ী ভাষণে ভারতের বিরুদ্ধে পরোক্ষ তোপ দাগলেন মহম্মদ ইউনূস

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণের প্রাক্কালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস তাঁর বিদায়ী ভাষণে ভারতের প্রতি পরোক্ষ বিষোদ্গার করেছেন। ভাষণে তিনি উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলির প্রসঙ্গ টেনে সেগুলোকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে বর্ণনা করেন এবং পরোক্ষভাবে বাংলাদেশের আধিপত্যের ইঙ্গিত দেন। ইতিপূর্বে চীন সফরেও তিনি একই ধরণের মন্তব্য করেছিলেন।
বিদায়ী বক্তব্যে ইউনূস দাবি করেন, তাঁর শাসনামলে বাংলাদেশ বিদেশি শক্তির নির্দেশমুক্ত হয়ে স্বনির্ভর পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। তিনি প্রতিবেশী দেশ ভারতকে ইঙ্গিত করে বলেন, বাংলাদেশ এখন নিজস্ব স্বার্থ রক্ষায় সক্ষম। তবে নেপাল ও ভুটানের প্রতি তাঁর সুর ছিল তুলনামূলক বন্ধুত্বপূর্ণ। তিনি শেখ হাসিনার সরকারকে ‘দানবীয়’ আখ্যা দিয়ে তরুণ প্রজন্মের মাধ্যমে দেশমুক্তির প্রশংসা করেন।
নতুন সরকারকে পরামর্শ দিয়ে তিনি সামুদ্রিক অর্থনীতি ও বন্দর উন্নয়নের ওপর জোর দেন। এছাড়া রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। তবে ভারতের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাঁর বক্তব্যে প্রতিবেশীকে কোণঠাসা করার প্রচেষ্টা স্পষ্ট ছিল। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হতে চলেছে।