বিদায়ী ভাষণেও ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গে বিতর্কের রেশ জিইয়ে রাখলেন ইউনুস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস তাঁর বিদায়ী ভাষণে পুনরায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’ প্রসঙ্গ উত্থাপন করেছেন। মঙ্গলবার তিনি নেপাল, ভুটান ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনার কথা জানান। সমুদ্রপথে এই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা ব্যাখ্যা করেন তিনি।
এর আগেও চিন সফরকালে উত্তর-পূর্ব ভারতকে ‘স্থলবেষ্টিত’ অভিহিত করে বঙ্গোপসাগরে চিনা বিনিয়োগ টানার চেষ্টা করেছিলেন ইউনুস। তাঁর এই মন্তব্য নিয়ে সেই সময় রাজনৈতিক মহলে ব্যাপক জলঘোলা হয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন। ভারতের পক্ষ থেকে ইতিপূর্বে দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকাকে ‘বাক্সংযম’ পালনের পরামর্শ দেওয়া হয়েছিল।
বারংবার সতর্কবার্তা ও বিতর্ক সত্ত্বেও রাজত্বকালের শেষ লগ্নে ভারতের প্রসঙ্গ টেনে নিজের অবস্থান স্পষ্ট করলেন ইউনুস। তিনি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের সাতটি রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার ওপর জোর দিয়েছেন। তাঁর মতে, পৃথকভাবে নয় বরং সম্মিলিতভাবে কাজ করলেই এই অঞ্চলটি বিশ্ব অর্থনীতিতে আরও বেশি লাভবান হতে পারবে।