সোনার বাজারে বড়সড় ধস, রুপো এক ধাক্কায় ১.৮০ লক্ষ টাকা সস্তা

সোনার বাজারে বড়সড় ধস, রুপো এক ধাক্কায় ১.৮০ লক্ষ টাকা সস্তা

নিউজ ডেস্ক: বিনিয়োগকারীদের মাথায় হাত দিয়ে হুড়মুড়িয়ে কমছে সোনা ও রুপোর দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে বাজারদরে যে বিপুল পতন দেখা দিয়েছে, তাতে কার্যত হাহাকার পড়ে গিয়েছে জুয়েলারি মার্কেটে। মঙ্গলবার বাজার খুলতেই দেখা গেল, রুপো তার সর্বোচ্চ শিখর থেকে প্রতি কেজিতে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকারও বেশি সস্তা হয়ে গিয়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে কমছে সোনার দামও।

রুপোর দামে ঐতিহাসিক পতন

গত ২৯ জানুয়ারি রুপোর দাম আকাশছোঁয়া হয়ে প্রতি কেজি ৪.২০ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু সেই রেকর্ড ভাঙা দাম এখন অতীত। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) মঙ্গলবার লেনদেন শুরু হতেই দেখা যায়, রুপোর দাম ৪,৬৮৫ টাকা কমে ২,৩৫,২০৬ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, গত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপো তার সর্বোচ্চ দামের তুলনায় প্রায় ১,৮০,১৫৭ টাকা সস্তা হয়েছে।

স্বস্তি দিচ্ছে সোনার দামও

রুপোর পাশাপাশি সোনার গ্রাফও এখন নিম্নমুখী। গত মাসে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছে বিশ্বরেকর্ড গড়েছিল। সেই শিখর থেকে বর্তমানে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩৮,৩৩৬ টাকা কমেছে। মঙ্গলবার এমসিএক্স-এ সোনার দাম ১,২১০ টাকা কমে ১,৫৩,৫৫০ টাকায় থিতু হয়েছে।

কলকাতার বর্তমান বাজারদর

আজ তিলোত্তমার বাজারেও দাম কমার প্রতিফলন স্পষ্ট। এক নজরে দেখে নিন কলকাতার আজকের রেট:

  • ২৪ ক্যারেট সোনা (১ গ্রাম): ১৫,৪৯১ টাকা (গতকাল থেকে ১৫৩ টাকা কম)
  • ২২ ক্যারেট সোনা (১ গ্রাম): ১৪,২০০ টাকা (গতকাল থেকে ১৪০ টাকা কম)
  • ১৮ ক্যারেট সোনা (১ গ্রাম): ১১,৬১৮ টাকা (গতকাল থেকে ১১৫ টাকা কম)
  • রুপো (১ কেজি): ২,৬০,০০০ টাকা (এক দিনেই ৮,০০০ টাকা সস্তা)

বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারের অস্থিরতা এবং লগ্নিকারীদের মুনাফা তোলার হিড়িকেই এই পতন। যারা বিয়ের মরসুমে গয়না কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই দরপতন এক বিশাল সুযোগ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *