মেয়াদোত্তীর্ণ ভিসায় কলকাতায় আত্মগোপন, গায়কসহ ৬ বাংলাদেশি নাগরিক গ্রেফতার

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নেওয়া ৬ বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা গত বছর বিভিন্ন সময়ে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেডিক্যাল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাঁরা দেশে ফিরে না গিয়ে পার্ক স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার বিভিন্ন হোটেলে লুকিয়ে ছিলেন।
পার্ক স্ট্রিট থানার পুলিশ নিয়মিত নথি পরীক্ষার সময় বিদেশি বোর্ডারদের কাগজপত্রে অসঙ্গতি খুঁজে পায়। তদন্তে দেখা যায়, ওই ৬ জনেরই ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপরই কলিন স্ট্রিটের একটি হোটেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে আজম মোল্লা নামে বাংলাদেশের একজন পেশাদার গায়কও রয়েছেন।
পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছেন, বাংলাদেশে অশান্ত পরিস্থিতির কারণে তাঁরা দেশে ফিরতে চাইছিলেন না। গ্রেফতারির সময় গায়ক আজম মোল্লাকে তাঁর গিটারটি সঙ্গে রাখার এবং পুলিশকে গান গেয়ে শোনানোর অনুরোধ করতে দেখা যায়। বর্তমানে পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।