পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বিদায়পথে শীত, রাজ্যে বৃহস্পতিবার থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বিদায়পথে শীত, রাজ্যে বৃহস্পতিবার থেকেই বাড়ছে তাপমাত্রার পারদ

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে বিদায় নিতে শুরু করেছে শীত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভোরের শিরশিরানিটুকু থাকলেও দিনের বেলা রোদের তেজ বাড়ছে। শহরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আর ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা নেই। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির আশেপাশে থাকলেও বৃহস্পতিবার থেকে তা আরও ঊর্ধ্বমুখী হবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসের গতিপ্রকৃতি বদলাচ্ছে। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও বর্ধমান-সহ বিভিন্ন জেলায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং গরম অনুভূত হবে।

দক্ষিণবঙ্গে গরমের ইনিংস শুরু হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং বা শিলিগুড়ির তাপমাত্রায় এখনই বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মূলত আর্দ্রতাহীন শুকনো আবহাওয়াই বজায় থাকবে গোটা রাজ্যজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *