৯ বছর পুরনো চেক বাউন্স মামলায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০১৭ সালের একটি চেক বাউন্স মামলায় আইনি জটিলতায় জড়ালেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। উত্তরপ্রদেশের মুরাদাবাদ আদালত অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য সাড়ে ১৪ লক্ষ টাকা অগ্রিম নিয়েও তিনি সেখানে উপস্থিত হননি। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি, টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আমিশা তা রক্ষা করেননি।
অন্যদিকে, আমিশা প্যাটেল এই অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন যে, বিষয়টি অনেক আগেই মিমাংসা হয়ে গিয়েছিল এবং পাওনা টাকাও মিটিয়ে দেওয়া হয়েছে। অভিনেত্রীর আইনজীবী এখন উল্টে ওই ইভেন্ট অর্গানাইজারের বিরুদ্ধেই প্রতারণার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, একই ধরনের চেক বাউন্স মামলায় সম্প্রতি বলিউড অভিনেতা রাজপাল যাদবকেও জেল খাটতে হয়েছে। ৯ কোটি টাকার একটি জালিয়াতি মামলায় সোমবারই জামিনে মুক্ত হয়েছেন তিনি। রাজপালের এই কঠিন সময়ে সালমান খান ও সোনু সুদের মতো তারকারা তাঁর পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমিশা প্যাটেলের এই ঘটনাটি এখন টিনসেল টাউনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।