ভোটার তালিকায় নথি আপলোড বিভ্রাট, ১ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে ধন্দ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি পর্ব ১৪ ফেব্রুয়ারি শেষ হলেও বিপাকে পড়েছেন প্রায় ১ লক্ষেরও বেশি ভোটার। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় কমিশনের অনলাইন পোর্টালে তাঁদের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করা সম্ভব হয়নি। বর্তমানে চূড়ান্ত নাম বাছাই বা ‘ফাইনাল ডিসপোসল’ প্রক্রিয়া চললেও, এই বিপুল সংখ্যক মানুষের তথ্যের অনুপস্থিতি প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সূত্রের খবর, শেষ দিনের শুনানিতে হাজির থাকা আবেদনকারীদের তথ্য আপলোড করতে সময়ের অভাব নাকি যান্ত্রিক ত্রুটি দায়ী, তা নিয়ে কমিশন ও জেলাশাসকদের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এর মধ্যেই সোমবার রাত থেকে সার্ভার ডাউন থাকায় কাজে চরম বিঘ্ন ঘটছে। এমনকি নির্দিষ্ট কিছু সংখ্যালঘু এলাকায় নাম তালিকাভুক্তির সময় সিস্টেম থেকে বারবার অতিরিক্ত সতর্কতা বা ‘কনফার্মেশন’ চাওয়ার অভিযোগও সামনে এসেছে।
নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের সিইও দপ্তরের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। জেলাভিত্তিক আসাম্পূর্ণ তথ্যের সঠিক সংখ্যা এবং যান্ত্রিক গাফিলতির কারণ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিএলও এবং জেলা নির্বাচনী আধিকারিকদের রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে ওই ১ লক্ষ ভোটারের ভবিষ্যৎ, নতুবা ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে বড়সড় বিতর্কের অবকাশ থেকে যাচ্ছে।