পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আইনি নোটিশের মুখে বিধায়ক অশোক দিন্দা

পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আইনি নোটিশের মুখে বিধায়ক অশোক দিন্দা

পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি একটি জনসভায় তিনি অভিযোগ করেন, পুলিশের সংগৃহীত ‘তোলা’ বা ‘মাসোহারার’ টাকা পুলিশ সুপারের মাধ্যমে সরাসরি ‘কালীঘাটে’ পৌঁছে যাচ্ছে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নজিরবিহীন সংঘাত শুরু হয়েছে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধির মধ্যে।

বিধায়কের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, জনসমক্ষে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এবং তথ্যের সত্যতা যাচাই করতে অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পুলিশের দাবি, এক সম্মানীয় পদাধিকারীর কাছ থেকে এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য অনভিপ্রেত, তাই তদন্তের স্বার্থে এই পদক্ষেপ।

পুলিশের নোটিশ পেলেও এখনই হাজিরা দিচ্ছেন না বিধায়ক। তাঁর আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ কাজে ব্যস্ত থাকায় বর্তমানে উপস্থিত হতে পারছেন না তিনি, তাই কিছুটা সময় চেয়ে আবেদন করা হয়েছে। এই পরিস্থিতিতে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে পুলিশ। বিধায়ক তাঁর অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *