আকাশে বিরল আগুনের আংটি, আজ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আকাশে বিরল আগুনের আংটি, আজ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর দিন হতে চলেছে। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, যা বিজ্ঞানের ভাষায় একটি বিরল বলয়গ্রাস সূর্যগ্রহণ। চাঁদ পৃথিবী থেকে দূরে থাকা অবস্থায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসায় সূর্যের মাঝখানের অংশ ঢাকা পড়লেও চারপাশ থেকে উজ্জ্বল আলোকবৃত্ত দেখা যাবে। এই মহাজাগতিক দৃশ্যটিকেই বিজ্ঞানীরা ‘রিং অফ ফায়ার’ বা অগ্নিবলয় হিসেবে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক মান সময় অনুযায়ী এই গ্রহণ সকাল ০৯:৫৬ মিনিটে শুরু হয়ে ১২:১২ মিনিটে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে শেষ হবে। এবারের সূর্যগ্রহণের মূল পথটি মূলত কুমেরু বা অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ গোলার্ধের ওপর দিয়ে অতিক্রম করবে। ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, তানজানিয়া, আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ প্রান্ত থেকে এই বিরল দৃশ্য আংশিক উপভোগ করা যাবে।

ভারত ও বাংলাদেশের মহাকাশ উৎসাহীদের জন্য কিছুটা হতাশার খবর হলো, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলগুলো গ্রহণের ছায়া পথের সম্পূর্ণ বাইরে অবস্থান করছে। ফলে সরাসরি আকাশ থেকে এই দৃশ্য দেখা সম্ভব হবে না। তবে নাসার মতো বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসেই এই ‘রিং অফ ফায়ার’ দেখার সুযোগ পাবেন দর্শকরা। মরিশাস ও নামিবিয়া থেকেও আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *