বিধানসভা ভোটের আগেই বড় উপহার! রাজ্যের সাড়ে ১২ লক্ষ পড়ুয়া পাচ্ছে সবুজসাথী সাইকেল

বিধানসভা ভোটের আগেই বড় উপহার! রাজ্যের সাড়ে ১২ লক্ষ পড়ুয়া পাচ্ছে সবুজসাথী সাইকেল

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে তুলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল বিলি। সরকারি সূত্রে খবর, এবার রাজ্যের প্রায় সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে নতুন সাইকেল।

২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই কোটি ছাড়ানো পড়ুয়ার কাছে পৌঁছেছে। নবান্ন সূত্রে জানা গেছে, এ বছর মোট ১২ লক্ষ ৪৭ হাজার পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। নবম শ্রেণিতে উঠলেই ছাত্র-ছাত্রীরা এই বিশেষ সুবিধা পায়। বর্তমানে রাজ্যের প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের সঙ্গে যুক্ত।

রাজনৈতিক মহলের ধারণা, মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচন কমিশন রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে। আর সেই কারণেই আদর্শ আচরণবিধি চালু হওয়ার আগেই জনমুখী প্রকল্পগুলির সুবিধা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে রাজ্য সরকার। স্কুলশিক্ষা দপ্তর, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর যৌথভাবে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে।

প্রশাসনিক পরিসংখ্যানে প্রকাশ, এ পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া সবুজসাথী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে। যদিও ভোটের মুখে এই তৎপরতা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে, তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পড়ুয়াদের স্কুলমুখী করা এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার হার (ড্রপআউট) কমানোই এই প্রকল্পের একমাত্র লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *