৩ কোটির ডিজিটাল প্রতারণা! খাস কলকাতায় সিবিআই সেজে জালিয়াতির পর্দাফাঁস

কলকাতা পুলিশের গোয়েন্দা জালে ধরা পড়ল এক আন্তর্জাতিক টেলি-জালিয়াতি চক্রের দুই পান্ডা। আমহার্স্ট স্ট্রিটের পাটোয়ারি বাগান লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ দুঁদে আধিকারিকদের। আন্তর্জাতিক ফোন কলকে লোকাল কলে রূপান্তর করে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করাই ছিল এদের মূল লক্ষ্য।
কীভাবে চলত এই অপারেশন?
তদন্তে জানা গিয়েছে, ধৃত মহম্মদ আমজাদ ও আবীর শেখ ‘সিম বক্স’ নামক এক বিশেষ যন্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক ভিওআইপি (VoIP) কলকে সাধারণ লোকাল কলে বদলে দিত। এর ফলে ফোনের আসল উৎস বা লোকেশন ধরা আসাম্ভব হয়ে পড়ত। ধৃতরা সিবিআই অফিসার সেজে সাধারণ মানুষকে ভয় দেখাত এবং অবৈধ পার্সেল পাচারের মিথ্যা অভিযোগে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত।
জব্দ করা হয়েছে যা যা
পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর ইলেকট্রনিক সরঞ্জাম:
- একাধিক সিম বক্স ও ৯টি রাউটার
- ১৭টি মোবাইল ফোন ও ল্যাপটপ
- ২৫০টি সক্রিয় সিম কার্ড
- সিসিটিভি ক্যামেরা ও মালয়েশিয়ান মুদ্রা
আন্তর্জাতিক যোগসূত্র
এই চক্রের শিকড় ছড়িয়ে আছে বিদেশেও। জানা গিয়েছে, ত্রিপুরার বাসিন্দা বিপ্লব হোসেন এই চক্রের মূল মাস্টারমাইন্ড। তার সঙ্গে হাত মিলিয়েছে চুং ওয়েই কিয়াত নামে এক মালয়েশিয়ান নাগরিক, যে চিকিৎসার নাম করে ভারতে এসে এই জালিয়াতি চালাত। বাগুইআটি, রাজাবাজার ও এসপ্ল্যানেড এলাকায় ভার্চুয়াল নম্বর ও বাংলাদেশের ভিপিএন ব্যবহার করে এই নেটওয়ার্ক চালানো হচ্ছিল। আপাতত ধৃতদের জেরা করে এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।