কাশ্মীরে ছন্দে ফিরছে পর্যটন, দীর্ঘ ১০ মাস পর খুলল আরও ১৪টি দর্শনীয় স্থান

পহেলগাম হামলার জেরে জারি করা বিধিনিষেধ কাটিয়ে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক হচ্ছে পর্যটন পরিষেবা। গত সোমবার কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনার পর আরও ১৪টি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর ফলে উপত্যকার দুধপাত্রী, ইউসমার্গ এবং শ্রীনগরের টিউলিপ গার্ডেনের মতো জনপ্রিয় স্থানগুলোতে পর্যটকদের প্রবেশে আর কোনো বাধা রইল না।
২০২৫ সালের এপ্রিলে পহেলগামের বৈসরণী ভ্যালিতে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হলে নিরাপত্তার খাতিরে মোট ৫০টি পর্যটন স্পট বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে পরিস্থিতি খতিয়ে দেখে পর্যটকদের জন্য দরজা খোলা হচ্ছে। তবে তুষারপাতের কারণে গুরেজ বা বাংগুসের মতো উচ্চ পার্বত্য এলাকাগুলো এখনই খোলা সম্ভব হচ্ছে না।
সাম্প্রতিক এই সিদ্ধান্তের ফলে মোট ৪২টি পর্যটনকেন্দ্র এখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। উন্নত নিরাপত্তা ব্যবস্থা, নতুন পরিবহন যোগাযোগ এবং সফল অমরনাথ যাত্রার প্রভাবে উপত্যকায় পর্যটকদের আনাগোনা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, গুরুত্বপূর্ণ এই ১৪টি স্পট খুলে যাওয়ায় বসন্তের মরসুমে কাশ্মীরের পর্যটন শিল্পে নতুন প্রাণের সঞ্চার হবে।