ধুতরো ফুলের বিষ প্রয়োগে নারীদের সংজ্ঞাহীন করতেন জেফরি এপস্টিন

বিখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের বাগান থেকে উদ্ধার হওয়া নথিতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গেছে, তিনি তার বাগানে ‘ট্রাম্পেট ফ্লাওয়ার’ বা ধুতরো ফুলের চাষ করতেন। হিন্দু পুরাণে দেবাদিদেব শিবের প্রিয় এই ফুলটি আসলে অত্যন্ত বিষাক্ত। এপস্টিন এই ফুলের নির্যাস ব্যবহার করে নারীদের বিচারবুদ্ধি ও ইচ্ছাশক্তি লোপ করার ষড়যন্ত্র করতেন বলে তদন্তে উঠে এসেছে।
এপস্টিনের ইমেল ঘেঁটে দেখা গেছে, তিনি ‘স্কোপোলামাইন’ নামক এক ভেষজ বিষের কথা উল্লেখ করেছিলেন, যা এই ফুলেই পাওয়া যায়। এটি সরাসরি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। এর প্রভাবে আক্রান্ত ব্যক্তি নিজের চলৎশক্তি ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই বিষ প্রয়োগ করলে মানুষ অনেকটা পুতুলের মতো হয়ে যায় এবং অন্যের নির্দেশ পালন করতে বাধ্য হয়।
তদন্তে এক নির্যাতিতার বয়ান থেকে জানা গেছে, তাকে গাড়িতে নিয়ে যাওয়ার সময় অপরাধীরা এই স্কোপোলামাইন প্রয়োগের বিষয়ে আলোচনা করছিল। ওই নারী জানান, বিষের প্রভাবে তিনি নিস্তেজ হয়ে পড়লেও পুরোপুরি সংজ্ঞ হারাননি, যার ফলে পাচারকারীদের কথোপকথন শুনতে পান। এই ঘটনা প্রমাণ করে যে, নারীদের ওপর পাশবিক অত্যাচার চালাতে এপস্টিন অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই প্রাকৃতিক বিষ ব্যবহার করতেন।