নাসিরের দেহ খণ্ডবিখণ্ড করতে সহায়তাকারী আরও এক যুবক গ্রেপ্তার

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নাসির মণ্ডল খুনের ঘটনায় প্রদীপ মণ্ডল নামে তৃতীয় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, মূল অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টু এবং ভাড়াটে খুনি সাগর গাইনের সঙ্গে মিলে নাসিরকে হত্যার পর দেহ লোপাটে সরাসরি অংশ নিয়েছিলেন প্রদীপ। ধৃতকে ১১ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা একত্রে অনলাইন জুয়ার কারবার ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিএলওর সঙ্গে নাসিরের স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে এই নৃশংস খুনের পরিকল্পনা করা হয়। গত ৯ ফেব্রুয়ারি নথি দেওয়ার নাম করে নাসিরকে ডেকে এনে খুন করা হয় এবং তাঁর দেহ টুকরো টুকরো করে বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটে ভরে স্থানীয় জলাশয় ও খালে ফেলে দেওয়া হয়।
গত ১৩ ফেব্রুয়ারি মূল অভিযুক্ত রিজওয়ান ও সাগরকে গ্রেপ্তারের পর নিখোঁজ নাসিরের দেহাংশ উদ্ধার করে পুলিশ। তদন্তে প্রদীপের সংশ্লিষ্টতা প্রকাশ্যে আসতেই তাঁকে পাকড়াও করা হয়। ধৃত প্রদীপ দেহ খণ্ডবিখণ্ড করার কাজে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অনুমান করা হচ্ছে। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত বাকিদের খোঁজে তদন্ত জারি রেখেছে পুলিশ।