১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে বড় বদল, কোন ক্ষেত্রে মিলবে স্বস্তি?

দেশের আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে প্যান কার্ডের বিধিতে বড়সড় রদবদলের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় আয়কর দফতর। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার লক্ষ্যে প্রস্তাবিত এই খসড়া বিধি নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত জনসাধারণের মতামত নেওয়া হবে। আয়কর আইন ২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণ মানুষের সুবিধার্থে কর ব্যবস্থাকে আরও সরল ও আধুনিক করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রস্তাবিত নিয়মে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে নগদ জমার ক্ষেত্রে দৈনিক ৫০ হাজার টাকার বাধ্যবাধকতা সরিয়ে বার্ষিক ১০ লক্ষ টাকার সীমা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, ৫ লক্ষ টাকার কম মূল্যের গাড়ি কেনাবেচা এবং ১ লক্ষ টাকা পর্যন্ত রেস্তোরাঁ বিলের ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা শিথিল করার কথা বলা হয়েছে। এছাড়া স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও প্যান ব্যবহারের ঊর্ধ্বসীমা ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা করার প্রস্তাব রয়েছে।
বিমা প্রিমিয়াম এবং উচ্চমূল্যের অন্যান্য লেনদেনকেও এই নতুন নজরদারির আওতায় আনা হচ্ছে। আয়কর দফতরের লক্ষ্য হলো কর ফাঁকি রোধ করা এবং উচ্চমূল্যের আর্থিক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো। এই সংশোধনীগুলো কার্যকর হলে ছোট আমানতকারী ও মধ্যবিত্ত শ্রেণির সাধারণ লেনদেনে নথিপত্র জমার ঝক্কি অনেকটাই কমবে এবং সামগ্রিক কর ব্যবস্থা আরও স্বচ্ছ হয়ে উঠবে।