মিড ডে মিলে বাড়তি পুষ্টি, রাজ্যের ৮১ লক্ষ পড়ুয়া পাবে অতিরিক্ত ডিম

মিড ডে মিলে বাড়তি পুষ্টি, রাজ্যের ৮১ লক্ষ পড়ুয়া পাবে অতিরিক্ত ডিম

রাজ্যের স্কুল পড়ুয়াদের পুষ্টির মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ফ্লেক্সি ফান্ড’-এর অর্থ ব্যবহার করে রাজ্যের প্রায় ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়াকে মিড ডে মিলে অতিরিক্ত ডিম দেওয়া হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকা এই প্রকল্পে প্রতি মাসে ১২ দিন করে অতিরিক্ত ডিম পাবেন ছাত্রছাত্রীরা।

সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা দপ্তর মিড ডে মিলের বরাদ্দ সামান্য বৃদ্ধি করলেও তা পর্যাপ্ত ছিল না বলে মত বিশেষজ্ঞদের। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ১৯ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৯ টাকা ২৯ পয়সা নির্ধারিত হয়েছে। এই বরাদ্দের একটি অংশ কেন্দ্র এবং বাকিটা রাজ্য সরকার বহন করছে।

মূল্যবৃদ্ধির বাজারে ডাল-সবজির পাশাপাশি পুষ্টিকর খাবার সরবরাহ বজায় রাখতে রাজ্য সরকার নিজস্ব উদ্বৃত্ত তহবিল থেকে ৭৫৬২.৫৩ লক্ষ টাকা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের এই বিশেষ বরাদ্দের মাধ্যমে পড়ুয়াদের প্রোটিনের চাহিদা মেটানোর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে শিক্ষক মহল। এর ফলে সরকারি স্কুলের মিড ডে মিলের গুণমান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *