ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডে মার্কিন প্রতিনিধি দল, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

পাকিস্তান সীমান্ত সংলগ্ন ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ডের চণ্ডীগড় সদর দপ্তরে সম্প্রতি সফর করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং ইন্দো-প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল পাপারো। লেফট্যানেন্ট জেনারেল মনোজ কুমার কতিয়ার তাঁদের স্বাগত জানান। এই সফরে প্রতিনিধিদের ‘অপারেশন সিঁদুর’ এবং পশ্চিম ফ্রন্টের রণকৌশলগত প্রস্তুতি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারতীয় সেনার ভূমিকা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেনাকেন্দ্রে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতি ঘিরে ইতিমধ্য়েই দেশের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। যদিও সামরিক বিশেষজ্ঞদের মতে, দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের ক্ষেত্রে এই ধরনের সফর নজিরবিহীন নয়। তা সত্ত্বেও বিরোধীরা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার নিরিখে স্পর্শকাতর বলে দাবি করছেন।
এই সফরকে কেন্দ্র করে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে কংগ্রেস ও শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মতো বিরোধী দলগুলি। তাদের অভিযোগ, বর্তমান সরকার আমেরিকার ইচ্ছানুসারে দেশের কৌশলগত স্বার্থ পরিচালনা করছে। তবে সেনার পক্ষ থেকে এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।