২০২৬ সালেই কেন্দ্রীয় সরকারের পতন ঘটবে, নবান্ন থেকে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নবান্নে আয়োজিত এক জরুরি মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ২০২৬ সালের পর কেন্দ্রে বর্তমান শাসক দল আর ক্ষমতায় থাকবে না। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে এবং সরকারি আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। দিল্লির রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটছে বলেও তিনি ইঙ্গিত দেন।
মুখ্যমন্ত্রী সাফ জানান, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনোভাবেই সহ্য করা হবে না। বিহার ও বাংলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের দ্বিমুখী নীতির প্রশ্ন তুলে তিনি একে গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী বলে অভিহিত করেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন যে, মানুষের ভোটাধিকার কেড়ে নিলে তিনি বিশ্বজুড়ে এর প্রতিবাদ জানাবেন।
বিস্ফোরক এই বক্তব্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার দাপটে দেশটাকে ‘মগের মুল্লুক’ বানানো হয়েছে। প্রয়োজনে জেলে যেতে বা আত্মত্যাগ করতেও তিনি প্রস্তুত, কিন্তু আত্মসমর্পণ করবেন না। বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের উদাহরণ টেনে ভারতের বর্তমান পরিস্থিতিকে তিনি ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেন এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষার স্বার্থে সব প্রমাণ ফাঁস করে দেওয়ার হুমকি দেন।