ক্ষমতা থাকলে সব বৈধ ভোটারের নাম তুলে ভোট করে দেখান! নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি সংঘাতের পথ বেছে নিলেন ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, “চ্যালেঞ্জ করলাম, যদি ক্ষমতা থাকে তবে সব বৈধ ভোটারদের নাম তালিকায় রেখে ভোট করিয়ে দেখান। আমরা সবরকম সহযোগিতা করব।”
কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও চেয়ারই স্থায়ী নয়, শুধুমাত্র জনতাই চিরন্তন।” নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে তিনি পালটা প্রশ্ন ছোড়েন, “২০২৬ সালে কেন্দ্রে বর্তমান সরকার থাকবে না, তখন আপনার চেয়ারটা থাকবে তো?”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটার তালিকা থেকে বেছে বেছে তফসিলি এবং সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজার নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে বলেও তিনি সরব হন। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যদি ষড়যন্ত্র করে ভোটারদের অধিকার কেড়ে নেওয়া হয়, তবে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে।